চট্টগ্রামে দিনের বেলায় প্রকাশ্য সড়ক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন। প্রকাশ্যে পুলিশের যানবাহন চুরির এই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুরোনো একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ধারণা করা হচ্ছে, ওই দলে তিনজন সদস্য ছিলেন।
তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্ক করে কাছের একটি রেস্তোরাঁয় খেতে যান। পরে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।
সিসিটিভিতে ধরা পড়েছে চুরির দৃশ্য
পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে সেটি দ্রুত চালিয়ে নিয়ে যান।
ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

