দেশের তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ব্যবহৃত তরঙ্গ নবায়নের মূল্য নতুন করে নির্ধারণ করেছে সরকার। ৯০০, ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ ২০ বছরের জন্য নবায়নে নির্ধারিত মূল্য ধরা হয়েছে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে একসঙ্গে পুরো অর্থ পরিশোধ না করে ১২ কিস্তিতে দেওয়ার সুযোগ নিলে অতিরিক্ত ৭ হাজার ৮৯৪ কোটি টাকা সুদ দিতে হবে। এতে সব মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি টাকা।
অর্থ বিভাগের অনুমোদনের বিষয়টি গত ১২ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন অনুযায়ী, অপারেটররা ১২টি কিস্তিতে নবায়ন ফি পরিশোধ করতে পারবে। তবে প্রথম বছরের মধ্যেই পুরো অর্থ পরিশোধ করতে পারলে কোনো সুদ দিতে হবে না।
অর্থ বিভাগের এনটিআর-৩ শাখার উপসচিব খায়রুন নাহারের সই করা চিঠিতে তিনটি ব্যান্ডের জন্য পৃথক মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের দাম ৩১৬ কোটি টাকা, ১৮০০ মেগাহার্টজের জন্য ২৬৪ কোটি টাকা এবং ২১০০ মেগাহার্টজের জন্য ২২৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না করলে তৃতীয় কিস্তি থেকে বকেয়া অর্থের ওপর সুদ আরোপ করা হবে। সুদের হার নির্ধারণে ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সর্বশেষ নিলামে পাওয়া ৮ দশমিক ১১ শতাংশ মুনাফার হার বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, তিন অপারেটরের বিদ্যমান তরঙ্গ ব্যবহারের লাইসেন্সের মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে।
এর আগে মোবাইল অপারেটররা তরঙ্গ নবায়নের অর্থ ১২টি বার্ষিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি এ ফির ওপর মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
গত ১২ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ মোবাইল টেলিযোগাযোগ অপারেটরস অ্যাসোসিয়েশন ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের দাম প্রতি মেগাহার্টজ সর্বোচ্চ ১৮০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে মেয়াদ ছিল ১৫ বছর। অথচ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ ক্ষেত্রে প্রতি মেগাহার্টজের দাম ১৯৮ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল।
সংগঠনটির দাবি, নিয়ন্ত্রক সংস্থার নিয়োগ করা পরামর্শকেরাও ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ১৭০ কোটি থেকে ২১০ কোটি টাকার মধ্যে রাখার সুপারিশ করেছিলেন।
অর্থ পরিশোধের ক্ষেত্রেও অপারেটরদের প্রস্তাব ছিল ১২টি সমান বার্ষিক কিস্তি। ২০২৭ সাল থেকে কিস্তি দেওয়া শুরু এবং প্রতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ একটি কিস্তি পরিশোধের সুযোগ চেয়েছিল তারা।
তরঙ্গ নবায়ন ফির ওপর মূল্য সংযোজন কর প্রত্যাহারের বিষয়টিও তাদের দাবির মধ্যে ছিল। অপারেটরদের যুক্তি, তরঙ্গ কোনো সাধারণ পণ্য বা সেবা নয়; এটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সীমিত একটি জাতীয় সম্পদ, যা নির্দিষ্ট নিয়মে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তাই এ বাবদ অর্থকে পণ্য বা সেবার মূল্য হিসেবে না দেখে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ফি হিসেবে বিবেচনা করা উচিত।
অপারেটরদের আরও দাবি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তরঙ্গ নবায়ন ফির ওপর মূল্য সংযোজন কর আরোপের বিষয়টি ব্যতিক্রম। এতে দেশের মোবাইল অপারেটররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন।
সব মিলিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে তরঙ্গ নবায়নের অর্থ পরিশোধে কিস্তির সুযোগ তৈরি হলেও দীর্ঘ মেয়াদে অপারেটরদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে প্রথম বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে না পারলে সুদের কারণে মোট খরচ ২১ হাজার ২৩৮ কোটি টাকা থেকে বেড়ে ২৯ হাজার ১৩২ কোটি টাকায় পৌঁছাবে।

