পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বাংলাদেশ সফরে এসেছেন। কইমব্রার ডাচেস হিসেবে পরিচিত এই পর্তুগিজ রাজকুমারী সোমবার থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন।
হাউস অব ব্রাগানজার সদস্য মারিয়া ফ্রান্সিসকা পর্তুগাল ও ইউরোপজুড়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা উদ্যোগে সক্রিয়। গণউপস্থিতি ও দাতব্য কার্যক্রমের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এ সফরে রাজকীয় ঐতিহ্য, ন্যায্য মজুরি ও বাংলাদেশের চা, এই তিনটি বিষয় একসঙ্গে যুক্ত হয়েছে, যা সিলেট টি’র ঐতিহ্য ও বৈশ্বিক সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ করে দেবে।
বুধবার লন্ডন টি এক্সচেঞ্জের নতুন চা সংগ্রহ ‘সিলেট টি’র আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন তিনি। এই সংগ্রহে বাংলাদেশের সিলেটের প্রিমিয়াম মানের চা রয়েছে। গত আন্তর্জাতিক চা দিবসে সিলেট টি সংগ্রহের ‘ব্রাগানজা ব্লেন্ড’ পর্তুগিজ রাজপরিবারের অফিশিয়াল চা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। বাংলাদেশে এই উদ্বোধনের মাধ্যমে বৈশ্বিক বাজারে সিলেট টি’র যাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে।
সফরকালে তিনি বেশ কয়েকটি সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের একটি প্রধান উদ্দেশ্য হলো গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতি সমর্থন জানানো। লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান ওবিই এই আন্তর্জাতিক উদ্যোগের প্রতিষ্ঠাতা, যার লক্ষ্য বিশ্বজুড়ে শ্রমিকদের ন্যায্য ও মর্যাদাপূর্ণ মজুরি নিশ্চিত করা। জাতিসংঘ, কমনওয়েলথ, সি-ফর্টি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সমর্থন পাওয়া এই উদ্যোগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে আসছে।
রাজকুমারীর সঙ্গে ফেয়ার পে’র কয়েকজন গ্লোবাল অ্যাম্বাসেডরও এসেছেন। তাঁদের মধ্যে পর্তুগাল, চীন ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে ন্যায্য মজুরি, সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে বিভিন্ন দেশের কণ্ঠ একসঙ্গে যুক্ত হবে।
সূত্র: ঢাকা ট্রিবিউন

