চট্টগ্রামের ফটিকছড়িতে টিলা কাটার সত্যতা পাওয়ার পরও দায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি পরিবেশ অধিদপ্তর। সরেজমিন পরিদর্শনে অনিয়মের প্রমাণ মিললেও এক মাসের কাছাকাছি সময় পেরিয়ে গেছে, অথচ তদন্ত প্রতিবেদন কিংবা পরবর্তী ব্যবস্থার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত ৩ নভেম্বর ‘প্রশাসনের অভিযান-জরিমানার পরও থামেনি ফটিকছড়িতে টিলা কাটা’ শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুদ্দিন ফয়সাল। সেখানে টিলা কাটার প্রমাণ পাওয়ার কথা তিনি নিজেই জানিয়েছিলেন।
ওই সময় তিনি বলেন, ফিতা দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে দেখা গেছে, টিলাটির উপরিভাগ থেকে প্রায় দুই ফুট গভীর করে আনুমানিক ৫০ হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। পরিদর্শনে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
তবে এক মাসের বেশি সময় পার হলেও কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে ওই পরিদর্শককে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মুজাহিদুর রহমান শুধু বলেছেন, আইনি ব্যবস্থা কার্যকরের জন্য প্রক্রিয়া করা হচ্ছে। কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।
এদিকে উপজেলার উত্তর পাইন্দং এলাকায় খালেদা কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিলা কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রায় পাঁচ একর আয়তনের সরকারি রাবার বাগানসংলগ্ন প্রাকৃতিক টিলাটির মাটি কেটে সমতল করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান ও জরিমানার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ বন্ধ করেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকায় পাইন্দং আমতল থেকে পূর্ব দিকে টিলাটির অবস্থান। বিদ্যালয়ের সামনেই টিলার মাটি কেটে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ শওকত ও তাঁর ছেলে ইরতিসাম কালাম ইরসালের নাম উঠে এসেছে। তাঁরা পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে একই এলাকায় টিলা কাটার ঘটনায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু জরিমানার পরও মাটি কাটা অব্যাহত থাকায় প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অর্থাৎ সামান্য জরিমানা প্রভাবশালীদের নিবৃত্ত করতে পারছে না বলেই তাঁদের ধারণা।
পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬খ ধারায় পাহাড় ও টিলা কাটা বা মোচনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই আইন লঙ্ঘনের প্রথম অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান আছে। একই অপরাধ আবার করলে দুই থেকে ১০ বছর কারাদণ্ড বা দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে।
তাঁর মতে, প্রশাসন কার্যকরভাবে আইন প্রয়োগ না করায় নির্বিচারে পাহাড় ও টিলা কাটা হচ্ছে, আর প্রভাবশালী অপরাধীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, পাহাড় ও টিলা কাটা নতুন কোনো ঘটনা নয়। সাধারণত প্রভাবশালী ব্যক্তিরাই এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কার্যকরভাবে আইন প্রয়োগ না করায় এটি প্রতিনিয়ত পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তিনি এসব কর্মকাণ্ড বন্ধে কঠোরভাবে আইন প্রয়োগের তাগিদ দেন।
আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও বাস্তবে প্রয়োগের ঘাটতিই ফটিকছড়ির পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রমাণ পাওয়ার পরও ব্যবস্থা না নিলে টিলা কাটার প্রবণতা আরও বাড়তে পারে, যা এলাকার পরিবেশ ও ভূমিধসের ঝুঁকির জন্য উদ্বেগজনক।

