গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত ১৭ ও ১৮ নভেম্বর, এই দুই দিনেই দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ও নাশকতা চালিয়েছে। গত ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট ৩৭টি শাখা ও কার্যালয় হামলার শিকার হয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা পেট্রোল, পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দিয়েছে। হামলায় শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী হতাহত হননি।
হামলার ধরনও ছিল নানা রকম। কোথাও শাখার প্রধান ফটক ও দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। কোথাও বোতলে পেট্রোল ভরে বোমা বানিয়ে অফিসের দেয়াল ও দরজার সামনে ছোড়া হয়েছে। লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কোনো কোনো জায়গায় টায়ারে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে।
গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুরের পাটগাতি টুঙ্গিপাড়া শাখা, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুর। বিশেষ করে ১৭ ও ১৮ নভেম্বর হামলার ঘটনা বেড়ে যায়। এই দুই দিনে ১৬টি স্থানে হামলা ও অগ্নিসংযোগ হয়, যা ওই সময়ের মধ্যে সর্বোচ্চ।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয় পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন। কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাকি ঘটনাগুলোর ক্ষেত্রে মামলা ও সাধারণ ডায়েরি করার আইনি প্রক্রিয়া চলছে। তবে ব্যাংকের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির বিবরণ থাকলেও আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূলত গ্রামীণ জনপদে ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের ওপর নির্ভরশীল। সদস্যদের পাসবুক ও কালেকশন শিটের মতো নথি পুড়ে গেলে ঋণ আদায় ও সঞ্চয়ের হিসাব সংরক্ষণে জটিলতা তৈরি হতে পারে। এতে শাখাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সারা দেশে একযোগে এমন হামলার ঘটনা প্রমাণ করে, এর পেছনে সংঘবদ্ধ উদ্যোগ থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা না গেলে ব্যাংকের কর্মী ও সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়তে পারে।

