রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের একটি বড় অংশই এখন অটোরিকশা দুর্ঘটনার শিকার। হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ২৫১ জন। এর মধ্যে অটোরিকশা দুর্ঘটনায় আহত ১ হাজার ৭৯৫ জন, যা মোট রোগীর ২৮ দশমিক ৭ শতাংশ।
একই সময়ে সবচেয়ে বেশি রোগী এসেছেন সাধারণ মোটরযান-সংশ্লিষ্ট দুর্ঘটনায়। এ সংখ্যা ২ হাজার ৩১৩, যা মোট আহতের ৩৭ শতাংশ। প্যাডেল রিকশা দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৩৭ জন (১১ দশমিক ৮ শতাংশ), সিএনজিচালিত অটোরিকশায় ৩৪৯ জন (৫ দশমিক ৬ শতাংশ), যানবাহনের ধাক্কায় ৩৩৭ জন (৫ দশমিক ৪ শতাংশ), বাস দুর্ঘটনায় ২৭৮ জন (৪ দশমিক ৪ শতাংশ) এবং ব্যক্তিগত গাড়ির দুর্ঘটনায় ২৫৩ জন (৪ শতাংশ)। ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮৯ জন, অর্থাৎ মোট আহতের ৩ শতাংশ।
এই পরিসংখ্যানের আড়ালে রয়েছে বহু মানুষের ব্যক্তিগত ক্ষতির গল্প। নিটোরে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ২৭ বছর বয়সী হাসান উল্লাহ (ছদ্মনাম) সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। চাকরির দ্বিতীয় দিনে উত্তরার বাসা থেকে আবদুল্লাহপুরে অফিসে যাওয়ার পথে তাঁর অটোরিকশার সঙ্গে অন্য একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়। তিনি অটোরিকশাসহ সড়কে ছিটকে পড়েন। পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনায় তাঁর ডান কাঁধের জোড়ার হাড় সরে গেছে এবং হাতের একটি অংশ ভেঙেছে। আরও কিছু পরীক্ষা শেষে চিকিৎসকেরা অস্ত্রোপচারের তারিখ জানাবেন। শারীরিক ক্ষতির পাশাপাশি সদ্য পাওয়া চাকরিটিও হারিয়েছেন তিনি।
প্রাণহানির চিত্রও উদ্বেগজনক। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছর ১০ মাসে অটোরিকশার ৫২৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭২৮ জন। সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনাও আছে। ২১১টি দুর্ঘটনায় একই পরিবারের দুজন, ১১৮টিতে তিনজন, ৯২টিতে চারজন, ৫৩টিতে পাঁচজন, ৩৮টিতে ছয়জন এবং ১৩টি দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, অটোরিকশা শুধু নিজেরাই দুর্ঘটনার শিকার হচ্ছে না, অন্য যানবাহনকেও ঝুঁকিতে ফেলছে। মহাসড়কে অটোরিকশার কারণে ট্রাক, কাভার্ডভ্যান ও বাস দুর্ঘটনায় পড়ছে। তবে শুধু অটোরিকশা চলাচল বন্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন। তাঁর ব্যাখ্যা, দেশের অনেক আঞ্চলিক ও গ্রামীণ সড়ক সরাসরি মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ায় স্বল্প দূরত্বের যাত্রীদেরও মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে। নিরাপদ বিকল্প সড়ক না থাকলে ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্বের যাতায়াতেও মানুষ অটোরিকশার ওপরই নির্ভর করবে। তাই মহাসড়ক ও আঞ্চলিক সড়কের নকশা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটি দূর করা, যানবাহনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং চালকদের প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন তিনি। বিশেষ করে চালকদের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে মোটিভেশনাল প্রশিক্ষণ জরুরি বলে তাঁর মত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাসিব মোহাম্মদ আহসান বলেন, অটোরিকশাজনিত দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার মতো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই, কারণ অনেক দুর্ঘটনার তথ্য যথাযথভাবে নথিভুক্ত হয় না। বছরের পর বছর আলোচনা হলেও কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না এবং সরকারি পর্যায়েও বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলে তাঁর অভিমত। তিনি মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের পাশাপাশি তার যথাযথ প্রয়োগের ওপর জোর দেন। নীতিমালা অমান্য করে চালালে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, কারণ প্রয়োগ না হলে নীতিমালা থাকলেও দুর্ঘটনা কমবে না।
দুর্ঘটনার আর্থিক চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্নআয়ের পরিবারগুলোর ওপর। বাগেরহাটের সবুর আমিন (ছদ্মনাম) চার মাস বেকার থাকার পর রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আয়ের আশায় ঋণ নিয়ে ১ লাখ ৮৯ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনেন। মোটরসাইকেলটি কিনে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়ে বাম হাত ও পা ভাঙেন, ক্ষতিগ্রস্ত হয় নতুন মোটরসাইকেলটিও। ঋণের কিস্তি আর চিকিৎসা খরচ মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আট দিনের হাসপাতাল-বাসেই ১৭ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে, যার পুরোটাই নিতে হয়েছে আত্মীয়স্বজনের কাছ থেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, অর্থাৎ প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি। ৫ থেকে ২৯ বছর বয়সীদের অকাল মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সংস্থাটির হিসাবে, সড়কে মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে অপরিকল্পিত অবকাঠামো, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের ঘাটতির কারণে দুর্ঘটনা কমানো কঠিন হয়ে পড়ছে।
২০২৪ সালে প্রকাশিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয় এবং সরকারি ব্যয় বাদে মাথাপিছু গড় খরচ হয় ৩১ হাজার ৬৮৩ টাকা। এই ব্যয়ে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা ও যাতায়াতের পাশাপাশি রোগীর সঙ্গে থাকা স্বজনের খাবার ও আবাসন খরচও ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সায়েদ আব্দুল হামিদ বলেন, অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা বাড়ছে। অটোরিকশাচালকেরা সাধারণত নিম্নআয়ের মানুষ, তাই আহত হলে চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন। তাঁর মতে, প্রাথমিক পর্যায়ে নিম্নআয়ের মানুষের চিকিৎসা খরচ সামাজিক নিরাপত্তাব্যবস্থার আওতায় রাষ্ট্র বহন করলে পরিবারগুলোর ওপর চাপ অনেকটা কমবে। দুর্ঘটনায় প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের জন্য জাতীয় সামাজিক বিমা চালু করা যেতে পারে, যাতে তাঁরা পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তবে সবার আগে দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।
সব মিলিয়ে বিশেষজ্ঞদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট। নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার সমন্বিত উদ্যোগ ছাড়া অটোরিকশাজনিত দুর্ঘটনা ও এর সামাজিক-অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হবে না।

