পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ কূটনীতিক আজ বৃহস্পতিবার বৈঠক করেছেন। সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে অংশ নেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
একই দিনে এতগুলো গুরুত্বপূর্ণ দেশ ও জোটের প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অন্যান্য পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে মন্ত্রণালয় থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

