এম এস রহমান, পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। বিকেল ৪টা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
কয়েক দিনের উত্তেজনার জের
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়।
এরপর বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় বিক্ষোভ মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উত্তেজনা চলছিল।
সভার পর আবারও সংঘর্ষ
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা হয়।
সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভির বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত উত্তেজিত লোকজন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
সে সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে একজন সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানিয়েছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
বিকেল ৪টা পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল।

