দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের দ্বিতীয় দফার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষার সময় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাপনা পরীক্ষা করবেন প্রকৌশলীরা।
পরীক্ষার অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনব্যবস্থা কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা মূল্যায়ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছিল। সেদিন প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
প্রথম দফায় আট ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ চালু থাকার পর পরবর্তী কারিগরি পরীক্ষা ও মূল্যায়নের জন্য গ্রিড থেকে ইউনিটটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সেই পরীক্ষার ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ সাধারণ গ্রাহকেরাও ব্যবহার করতে পারবেন। তবে এটি এখনো পরীক্ষার পর্যায়ে থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।
এ সময় জাতীয় গ্রিডে বিদ্যুতের ভারসাম্য ও সঞ্চালনব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
দ্বিতীয় দফার এই পরীক্ষার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ও গ্রিড সংযোগব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক আরও বিস্তারিতভাবে যাচাই করা হবে। পরীক্ষার ফলাফল পরবর্তী কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

