ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের থেমে থেমে বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় আমন ধান ও শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে। মাঠে পানি জমে যাওয়ায় কৃষকেরা ধান কাটা ও মাড়াই করতে হিমশিম খাচ্ছেন। একই সঙ্গে নতুন লাগানো সবজি এবং বোরো বীজতলার চারা শিকড়ে পচে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেশের ৬৪ জেলায় যে বৃষ্টি রেকর্ড হয়েছে, তা নভেম্বর মাসের পুরো স্বাভাবিক বৃষ্টিপাতের সমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাঠ সেবা শাখার পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এই বৃষ্টিতে ১৬ জেলায় প্রায় ২৩ হাজার ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধানের জমি প্রায় ৭ হাজার হেক্টর, সরিষা ৭ হাজার ৬০০ হেক্টর এবং বিভিন্ন সবজি প্রায় ৫ হাজার হেক্টর। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মৌলভীবাজার, নড়াইল, বাগেরহাট, যশোর ও চাঁদপুর। তিনি জানান, চলতি মৌসুমে সারা দেশে ৫৭ দশমিক ৩৫ লাখ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যার প্রায় ২৬ শতাংশ এ পর্যন্ত কাটা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের কৃষক নায়েব আলী গত মঙ্গলবার চার বিঘা জমির আমন ধান কেটে মাড়াইয়ের আগে শুকাতে মাঠেই রেখেছিলেন। বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে, জমির কিছু অংশও তলিয়ে গেছে। তিনি বলেন, প্রতি বিঘায় চাষে ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে, ধান রক্ষা করতে না পারলে পুরোটাই লোকসান হবে। একই এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, দুই দিনের টানা বৃষ্টিতে তার বাঁধাকপি, ফুলকপিসহ সবজি খেতে পানি জমেছে, আরও বৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যাবে।
ঝিনাইদহের ডিএই উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতি ও শুক্রবার টানা দুই দিনের বৃষ্টিতে নিচু এলাকার ধান ও সবজি খেত তলিয়ে গেছে। ছয়টি উপজেলায় কমবেশি ক্ষতি হয়েছে। জেলায় ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টরে আমন আবাদ হয়েছিল, এর মধ্যে ২ হাজার ৫৯৫ হেক্টরের ফসল তলিয়ে গেছে। এ ছাড়া ৮৫০ হেক্টর পেঁয়াজ, ৬৫৩ হেক্টর সবজি, ২১৮ হেক্টর মসুর ও মাষকলাই, ১৩৭ হেক্টর ভুট্টা ও গম, ৪৮৯ হেক্টর সরিষা এবং ১৪৬ হেক্টর রসুনের খেত পানিতে ডুবেছে।
মৌলভীবাজারের কবিরাজী গ্রামের কৃষক সাজু মিয়া বলেন, পাকা ধান সময়মতো কাটতে না পারলে ফসল ও মান দুটোই নষ্ট হবে। ধানের দাম আগে থেকেই কম, শ্রমিকও পাওয়া যাচ্ছে না, তার ওপর এই প্রতিকূল আবহাওয়া। কুলাউড়া উপজেলার কৃষক সাহাদাত হোসেন জানান, মনু নদীর পাড়ে তিনি ধানের পাশাপাশি লাউ, বেগুন, আলু, শিম ও করলা লাগিয়েছিলেন, বৃষ্টিতে এসব খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, কৃষকেরা উল্লেখযোগ্য ক্ষতির শিকার হলে প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে। যশোরের শ্যামলাগাছি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, বৃষ্টি শুরুর আগে তিনি ধান কেটে মাঠে রেখেছিলেন, যার কিছু অংশ এখন পানির নিচে।

