নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারের বাইরের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটারে নামিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলারের পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পিলার-সংলগ্ন একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু এখানে প্লাস্টিকের দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই অতিরিক্ত তাপেই কংক্রিটের পিলারের প্লাস্টার খসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, পিলারের নিচে একতলা মার্কেটে একটি জুতা তৈরির দোকান রয়েছে। সেখানে প্লাস্টিকের স্যান্ডেল তৈরির পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের উচ্ছিষ্ট থেকে ওই বস্তায় আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পিলারের ওপর আছড়ে পড়ে।
ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে তারা জেনেছেন, চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে তার দাবি। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, আগুনের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কারকাজ চালাচ্ছেন।

