নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি মদন পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।
২০ টাকার টোল নিয়ে শুরু হয় বিবাদ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ।
সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজি মড়লবাড়ি এলাকায় পৌঁছালে ২০ টাকা টোল আদায় নিয়ে চালক ও টোল আদায়কারীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
সে সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক দুজনের মারামারি থামাতে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় টোল আদায়কারীর ঘুষিতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আটক
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম জানান, অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

