২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই এবং গুরুতর রোগের ঝুঁকি শনাক্ত করতে এ নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করতে বলা হয়েছে। বুকের এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে।
তবে যাত্রীদের কারও গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগের লক্ষণ থাকলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষাও করাতে হবে। হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।
একইভাবে লিভারের সমস্যা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষার নির্দেশনা রয়েছে। দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাজনিত জটিলতায় প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও আলট্রাসনোগ্রাম করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে ডাউনলোড করা ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। এরপর টিকা গ্রহণের পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

