শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছায়। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত মালবাহী যানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
জ্বালানি সরবরাহের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।
এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রম শেষে পর্যায়ক্রমে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
পারমাণবিক জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ ধাপ শেষ হওয়ায় এখন সংশ্লিষ্টদের নজর বিদ্যুৎকেন্দ্রটির পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রমের দিকে। রূপপুরের দুটি ইউনিট পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় উল্লেখযোগ্য সংযোজন ঘটবে।

