বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এ সময় বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও নামফলক লাগিয়ে তাঁর বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিচার দাবি করেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এতে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগমও অংশ নেন। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানাতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ফিরোজা বেগম জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাঁদের নিখোঁজ করা হলো, সেই প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের ছবি হাতে নিয়ে তাঁদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন তিনি।
কর্মসূচির একপর্যায়ে বিক্ষোভকারীরা জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালি দিয়ে মুছে দেওয়া হয়। এ ছাড়া বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙানো হয়।
ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে বহু মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবিও জানান।
মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের দাবি, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। মামলার অভিযোগগুলো এখনো বিচারাধীন।

