রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো পরিচিত মাছও কিনতে হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকার বেশি দামে। অন্যদিকে ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা এবং গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এ চিত্র দেখা গেছে।
বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকায়। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলার দাম কেজিপ্রতি ৫০০ টাকা বা তার বেশি।
অন্যান্য মাছের মধ্যে শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট চিংড়ির দাম ৬০০ থেকে ৭০০ টাকা।
দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও বেশি। আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের দাম ১ হাজার টাকা। সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বাড়লে বেশি পুঁজি বিনিয়োগ করতে হয় বলে তাঁদেরও সমস্যা হয়।
বাজারে মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল এবং ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কিছুটা কম বলে জানান তিনি।
মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩৩০ টাকা।
অন্যদিকে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।
মাংস বিক্রেতা মো. লিটন বলেন, গরুর মাংসের দাম বাড়েনি, আবার কমেওনি।

