সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঢাকার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করে নতুন আবাসিক এলাকা গড়ে তোলা হলে রাজধানীর কেন্দ্রীয় অঞ্চলে আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে শহরের আশপাশে পরিকল্পিত নগরায়ণের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা পশ্চিমাঞ্চলীয় সংযোগ সড়কের পাশে নতুন শহর নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলাতিয়া, তারানগর ও আশপাশের কয়েকটি এলাকা ইতোমধ্যে প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্প এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে।
তবে প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা তৈরির পর এর বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হবে। আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম জানিয়েছেন, রাজধানীর আবাসন সংকট মোকাবিলায় আশপাশের এলাকায় আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতেও পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। সেখানে এককালীন বড় অঙ্কের অর্থ দিয়ে আবাসিক ভবনের বাসগৃহ কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ পাবেন সংশ্লিষ্ট পরিবারগুলো।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানিয়েছেন, সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে বিকল্প শহর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সব শ্রেণির মানুষের জন্য নিরাপদ এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন তৈরির প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছরের ১৬ এপ্রিল কর্তৃপক্ষের স্থান নির্বাচন কমিটির সদস্যরা প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। কলাতিয়া বাজার থেকে প্রস্তাবিত প্রকল্প এলাকার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার উত্তর-পূর্বে।
চিহ্নিত জমির প্রায় ৫ থেকে ৮ শতাংশ এলাকায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশ মূলত এক ফসলি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব জমিতে বিভিন্ন বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনফলকও দেখা গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে প্রস্তাবিত ঢাকা পশ্চিমাঞ্চলীয় সংযোগ সড়ক রয়েছে। এই সড়ক বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার, ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মোহাম্মদপুরের কাছাকাছি এই এলাকায় পরিকল্পিত শহর গড়ে উঠলে অপরিকল্পিত আবাসন সম্প্রসারণের ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারি আবাসন প্রকল্পে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ বাড়বে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন চাহিদা পূরণে বর্তমানে ১৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি বাসগৃহ নির্মাণ এবং ৫৩১টি আবাসিক ভূখণ্ড উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য আবেদনসংক্রান্ত বিবরণী মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও পরিকল্পিত বিকল্প শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি আবাসন এলাকা রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি আবাসিক ভূখণ্ড উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি বাসগৃহ নির্মাণ করা হয়েছে।
ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন সম্প্রসারণের জন্য জমির তথ্যভান্ডার তৈরির কাজও চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও সরকারি প্রজ্ঞাপন সংগ্রহ করছে কর্তৃপক্ষ।
নতুন আবাসন প্রকল্পগুলোতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভূমিকম্পসহনশীল বহুতল ভবন, উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, সবুজ উদ্যান ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলার মাঠ, সামাজিক মিলনস্থল ও সুপেয় পানির ব্যবস্থাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকছে।
এসব উদ্যোগের মাধ্যমে মানুষের আর্থিক সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

