যে মায়ের মুক্তির আকুতি শোনা গিয়েছিল ছেলের কণ্ঠে, সেই মায়ের কাছেই শেষবারের মতো যেতে হলো ছেলের মরদেহকে। কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মারা গেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে সন্তানের মুখ শেষবারের মতো দেখেন মা।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তূর্যের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। স্বজনদের দাবি, সন্তানের মরদেহ দেখতে শারমিন সুলতানার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। পরে আজ সকালে ছেলের মরদেহ নিয়ে কাশিমপুরের উদ্দেশে রওনা হন বাবা শাহাদাৎ হোসেন নিপু।

দুপুর ১২টার দিকে কারাফটকে মা ও মৃত সন্তানের শেষ দেখার ব্যবস্থা হয়। শাহাদাৎ হোসেন জানান, তাঁর স্ত্রী সেখানে সন্তানকে দেখেছেন। কান্নায় ভেঙে পড়া এই বাবা বলেন, “আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।”
শাহাদাৎ হোসেনের ভাষ্য, কারা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছিল, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। নিরাপত্তাঝুঁকির কারণে ডিসেম্বর পর্যন্ত বন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকার কথাও তাঁকে জানানো হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম সাক্ষাতের আগে বলেন, মৃত সন্তানকে শেষবারের মতো দেখানোর জন্য তাঁদের কাছে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে প্রায় দুই মিনিট মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৩ অক্টোবর দিবাগত রাতে ৪৪ বছর বয়সী শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মামলার সন্দেহভাজন আসামি শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শারমিন সুলতানা। বারবার বলছিলেন, তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং মা-বাবা ছাড়া দেখাশোনার কেউ নেই। তাঁর সেই কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিক কারণে মুক্তির দাবি ওঠে। তবে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও মানবিক বিবেচনায় তাঁকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া শারমিন সুলতানার আগের বক্তব্যের একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁকে বাসা থেকে ‘মব’ করে তুলে আনা হয়েছে এবং অপরাধী হলে তিনি বাসায় থাকতেন না। একইভাবে ছড়ানো তূর্যের আগের এক ভিডিওতে সে মাকে পুরোপুরি নিরপরাধ দাবি করে তাঁর মুক্তি চায়।
শাহাদাৎ হোসেন জানান, আজ আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
অভিযোগের বিচার হবে আইন অনুযায়ী। তবে সন্তানের অসুস্থতা বা স্বজনের মৃত্যুর মতো পরিস্থিতিতে একজন বন্দীর ক্ষেত্রে মানবিক বিবেচনা কতটা গুরুত্ব পাবে, তূর্যের মৃত্যু সেই প্রশ্ন সামনে এনেছে। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের পাশাপাশি জামিন ও প্যারোলের মতো বিষয়ে আইনসম্মত, স্বচ্ছ এবং সবার জন্য সমান বিবেচনা নিশ্চিত করাও জরুরি।

