Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যোগ-ভাগেই হিমশিম তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬২% শিক্ষার্থী, কোন পথে শিশুদের গণিত শিক্ষা?
    শিক্ষা

    যোগ-ভাগেই হিমশিম তৃতীয় থেকে নবম শ্রেণীর ৬২% শিক্ষার্থী, কোন পথে শিশুদের গণিত শিক্ষা?

    নিউজ ডেস্কনভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিয়মিত স্কুলে যায় তৃতীয় শ্রেণির হেলাল (ছদ্মনাম)। গণিতের ক্লাসেও অংশ নেয়। কিন্তু তিনটি আমের সঙ্গে ১২টি যোগ করলে কত হবে, সেই হিসাব মেলাতে তাকে হিমশিম খেতে হয়। নয়টি আম তিন বন্ধুর মধ্যে সমান ভাগ করাও তার কাছে কঠিন। বইয়ের অঙ্ক মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারলেও বাস্তবের সাধারণ সমস্যায় আটকে যায় সে।

    হেলালের এই দুর্বলতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশের ৭ থেকে ১৪ বছর বয়সী ৬১ দশমিক ৫১ শতাংশ শিশু যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মৌলিক কাজগুলো করতে সক্ষম নয়। অর্থাৎ প্রতি ১০০ শিশুর প্রায় ৬২ জনই প্রাথমিক গাণিতিক দক্ষতায় পিছিয়ে। এই চারটি দক্ষতায় সক্ষম শিশু মাত্র সাড়ে ৩৮ শতাংশের মতো।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে পরিচালিত বহু নির্দেশক গুচ্ছ জরিপের ২০২৫ সালের জেলাভিত্তিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করা হয় গত ২৪ নভেম্বর।

    পাঠ্যক্রম অনুযায়ী, তৃতীয় শ্রেণি থেকেই প্রত্যেক শিক্ষার্থীর গণিতের চার মৌলিক বিষয়ে দক্ষতা অর্জন করার কথা। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত গণিত বাধ্যতামূলক। ছয় বছর বয়সে প্রথম শ্রেণিতে ভর্তি ধরলে ৭ থেকে ১৪ বছর বয়সীদের সাধারণত দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পড়ার কথা। ফলে জরিপের ফল প্রাথমিক শিক্ষার ভিত নিয়ে গুরুতর প্রশ্ন সামনে আনছে।

    সংকট কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ নেই। আট বিভাগের কোনোটিতেই অর্ধেক শিশু প্রয়োজনীয় মৌলিক গাণিতিক দক্ষতা অর্জন করতে পারেনি। সবচেয়ে খারাপ অবস্থা ময়মনসিংহে। সেখানে সক্ষম শিশুর হার ৩৩ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ প্রায় ৬৬ শতাংশই পিছিয়ে। বরিশালে সক্ষমতার হার ৩৪ দশমিক ৯৪ শতাংশ।

    সিলেটে এই হার ৩৬ দশমিক ২৫ এবং রংপুরে ৩৯ দশমিক ১৭ শতাংশ। চট্টগ্রামে ৩৯ দশমিক ৬৯ শতাংশ শিশু চারটি গাণিতিক কাজ করতে পারে। দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র ঢাকা বিভাগেও চিত্র আশাব্যঞ্জক নয়। সেখানে হার ৩৯ দশমিক ৮১ শতাংশ।

    তুলনামূলকভাবে এগিয়ে আছে খুলনা ও রাজশাহী। খুলনায় ৪৩ দশমিক ২৭ এবং রাজশাহীতে ৪০ দশমিক ৯১ শতাংশ শিশুর এই দক্ষতা রয়েছে। শুধু এ দুই বিভাগে হার ৪০ শতাংশ পেরিয়েছে। তবে শীর্ষে থাকা খুলনাতেও অর্ধেকের বেশি শিশু পিছিয়ে। অর্থাৎ আঞ্চলিক ব্যবধানের পাশাপাশি দুর্বলতা রয়েছে দেশজুড়েই।

    শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, শুরুতেই গণিতের ভিত্তি ঠিকভাবে তৈরি না হওয়ায় পরের শ্রেণিতে গিয়েও ঘাটতি থেকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তা আরও বাড়ছে। গতানুগতিক পাঠদান, দক্ষ শিক্ষকের অভাব ও মুখস্থনির্ভর পড়াশোনাকে তাঁরা বড় কারণ হিসেবে দেখছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম সিদ্দিক মনে করেন, গণিত শেখার ক্ষেত্রে কোনো ফল কেন এবং কীভাবে আসে, তা বোঝা জরুরি। অথচ শিক্ষার্থীদের এখনো নামতা মুখস্থ করানো হয়। তিন ও দুই গুণ করলে ছয় হয়, তা শেখানো হলেও এর পেছনের ধারণা বোঝানো হয় না।

    শিক্ষক প্রশিক্ষণের সুফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, অনেকে প্রশিক্ষণ নিলেও শ্রেণিকক্ষে তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। কেউ কেউ শুধু সনদের জন্য প্রশিক্ষণে অংশ নেন। মাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতিও রয়েছে। অনেক বিদ্যালয়ে এমন শিক্ষক গণিত পড়াচ্ছেন, যাঁদের এ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই।

    বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫-এর তথ্যেও এ সংকট স্পষ্ট। মাধ্যমিকে গণিত পড়ানো ৬৭ হাজার ৬৯৭ শিক্ষকের মধ্যে গণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আছে মাত্র ৯ হাজার ৯১৮ জনের। হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে ৩৮ হাজার ২৩১ জন উচ্চমাধ্যমিকের পর আর গণিত পড়েননি। মোট গণিত শিক্ষকের মধ্যে তাঁরা ৫৬ দশমিক ৪৭ শতাংশ। বাকিরা স্নাতক পর্যায়ে অন্য বিষয়ের সঙ্গে গণিত পড়েছেন।

    শিক্ষাসংশ্লিষ্টদের ভাষ্য, উচ্চশিক্ষায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমেছে। যাঁরা পড়ছেন, তাঁদের বড় অংশ গণিত, পদার্থবিজ্ঞান বা রসায়নের বদলে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও মৃত্তিকাবিজ্ঞানের মতো বিষয় বেছে নিচ্ছেন। গণিতে উচ্চতর ডিগ্রিধারীদেরও স্কুলে শিক্ষকতায় আসার আগ্রহ কম। তাই বিজ্ঞানে স্নাতক শিক্ষক পাওয়া গেলেও গণিতে দক্ষ শিক্ষক মিলছে না।

    শিক্ষাক্রমের ঘন ঘন পরিবর্তনকেও সমস্যার কারণ হিসেবে দেখছেন সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান সফিক ইসলাম। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর পাঠদান পদ্ধতির অভাবে শিক্ষকেরা নতুন শিক্ষাক্রম অনুযায়ী পড়াতে পারছেন না। বিগত সরকারের সময়ে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া শিক্ষাক্রমে প্রায় পুরোপুরি পরিবর্তন আনা হয়েছিল বলেও তাঁর অভিযোগ। মাঝপথে সিঙ্গাপুর ধাঁচের পাঠ্যবই চালু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থী কেউই ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি।

    পরবর্তী শিক্ষাজীবনেও গণিতের দুর্বলতার প্রভাব পড়ছে। এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৩৭ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী। তাদের বড় অংশ গণিতে ফেল করেছে। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বলছে, মোট পরীক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ এ বিষয়ে পাস করতে পারেনি। তাই প্রাথমিকের ঘাটতি শুরুতেই দূর করা জরুরি।

    শিক্ষা গবেষকদের মতে, পাঠদান পদ্ধতি বদলের পাশাপাশি শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষে ঠিকভাবে না পড়ালেও ব্যবস্থা নেওয়ার নজির কম। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় পর দক্ষতা যাচাই এবং অনুত্তীর্ণদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন তাঁরা।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষার মান বাড়াতে নতুন নিয়োগ, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৮৮ হাজার শিক্ষকের পদ শূন্য। সরকারি বিদ্যালয়ে ৭০০ শিক্ষক নিয়োগের কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিসিএস নন-ক্যাডার থেকে দ্রুত আরও শিক্ষক নিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের উদ্যোগ রয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শুরুতে শিক্ষার ভিত যত ভালো হবে, পরবর্তী সময়ে শিশুর শেখার সক্ষমতাও তত শক্তিশালী হবে। দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের প্রাক্‌-প্রাথমিক শিক্ষার আওতায় আনার ওপর সরকার জোর দিচ্ছে। প্রশিক্ষিত শিক্ষক, বয়স উপযোগী উপকরণ ও শিশুবান্ধব শ্রেণিকক্ষ নিশ্চিত করার কথাও জানান তিনি। খেলা, গল্প, ছড়া ও আনন্দময় কার্যক্রমে শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    প্রতিমন্ত্রীর ভাষ্য, ভবন নির্মাণ বা উপস্থিতি নিশ্চিত করাই শেষ লক্ষ্য নয়। বিদ্যালয়ে এসে শিশু কী শিখছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন তদারকি ব্যবস্থায় বাস্তব শিখনফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না এবং মানসম্মত শিক্ষা থেকেও বঞ্চিত হবে না।

    শিক্ষাবিদেরা বলছেন, শুধু শিক্ষক নিয়োগ বা পাঠ্যক্রম বদলে সংকট কাটবে না। সূত্র মুখস্থের চেয়ে সংখ্যার ধারণা বোঝা, সাধারণ হিসাব করা এবং দৈনন্দিন জীবনে গণিত কাজে লাগানোর দক্ষতা জরুরি। বোধগম্য ও আনন্দদায়ক পাঠদান, দক্ষ শিক্ষক এবং নিয়মিত মূল্যায়ন একসঙ্গে নিশ্চিত করতে পারলে তবেই শিশুদের অঙ্কভীতি কমিয়ে শক্ত ভিত গড়া সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘শেষ স্থানীয় যোদ্ধা’ নিহত, তাহলে কাশ্মীরের বিদ্রোহ কি সত্যিই শেষ?

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    কারাবন্দী মায়ের মুক্তি চেয়েছিল তূর্য, শেষ পর্যন্ত সন্তানের নিথর দেহই গেল কারাগারে

    নভেম্বর 28, 2026
    স্বাস্থ্য

    বদলাচ্ছে ডেঙ্গুর রূপ, বাড়ছে অঙ্গ বিকলের শঙ্কা: জানুয়ারিতেও থাকতে পারে সংক্রমণ

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.