সরকার দেশের ৫২০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজে মোট ২৬ কোটি টাকা অনুদান দিয়েছে। ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSFI)’ কর্মসূচির আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিটি ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতা, স্থানীয় জবাবদিহি এবং শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতেই এই বরাদ্দ।
এ অনুদান ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে দেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে এ অর্থ খরচে রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত ও নির্দেশনা:
- ২০ জন সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে সহায়তা দিতে হবে। অর্থাৎ মোট ১ লাখ টাকা সরাসরি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করতে হবে।
- সহায়তা চেকের মাধ্যমে প্রদান করতে হবে এবং সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে।
- বাকি ৪ লাখ টাকা ব্যয় হবে ব্যবস্থাপনা কমিটির চাহিদা অনুযায়ী, তবে অগ্রাধিকার দিতে হবে শিক্ষার্থীবান্ধব খাতে যেমন:
-
- পাঠ্যসামগ্রী সরবরাহ
- টয়লেট ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন
- ডিজিটাল ল্যাব
- বিশুদ্ধ পানির ব্যবস্থা
- পাঠাগার সম্প্রসারণ
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সুনির্দিষ্ট আর্থিক নীতিমালার আওতায় অনুদান ব্যয়ের নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে:
- স্কিম অপারেশন ম্যানুয়াল, ক্রয় আইন ও বিধিমালা, এবং ২০২৩ সালের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা অনুসরণ।
- নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
- প্রতিটি খরচের জন্য স্টক রেজিস্টার, ক্যাশবই, বিল-ভাউচার সংরক্ষণ বাধ্যতামূলক।
- পুরো ব্যয়ের রিপোর্ট ২৮ আগস্টের মধ্যে শিক্ষা ভবনের স্কিম দপ্তরে জমা দিতে হবে।
- টপশিটে মনিটরিং ও বাস্তবায়ন কমিটির যৌথ স্বাক্ষর থাকতে হবে।
- একইসঙ্গে একটি সত্যায়িত অনুলিপি নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
পরিদর্শন ও মূল্যায়নের জন্য সরকার ৩০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে। তিন মাসের মধ্যে পরিদর্শনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

