ঢাকার স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে তার দেশ। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে সমবেদনা ও সংহতি জানানোর কথাও জানান।
আনোয়ার আরো লেখেন, “আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে।”
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনার সময় স্কুল ভবনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত এই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬৫ জন আহত হয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী নাফির মৃত্যু হয়।
সবমিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২। আহত অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ভয়াবহতায় দেশের প্রতিটি স্তরে নেমে এসেছে শোকের ছায়া।

