রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের চেষ্টা করলেও স্বল্প সময়ের মধ্যে বড় পরিবর্তন সম্ভব নয়। উন্নয়নের জন্য রাজনৈতিক কাঠামো অপরিহার্য।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের নতুন গ্রন্থ ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, দেশে সুশাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠা করতে একটি শক্তিশালী প্রতিপক্ষ প্রয়োজন। সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর ক্ষমতারও জবাবদিহিতা থাকা দরকার।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরেও সংস্কার প্রয়োজন। যদি এই কাঠামোয় পরিবর্তন না আসে, তাহলে একক কোনো খাতে সংস্কার এনে সুফল পাওয়া যাবে না।
অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশ পরিচালনা করা সহজ নয়। তিনি স্বীকার করেন, তাদের চেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি আসছে না, তবে কিছু পদচিহ্ন রেখে যেতে চায় সরকার যাতে ভবিষ্যৎ সরকার তা অনুসরণ করতে পারে।
ব্যাংকিং খাত নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, “কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানরা তহবিলের প্রায় ৮০ শতাংশ অর্থ আত্মসাৎ করে বিদেশে চলে গেছেন। কোনো ব্যাংকে যদি ২০ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর হয়, তার ১৬ হাজার কোটি টাকাই লোপাট হয়ে গেছে।”
তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকিং খাতকে পুনরুজ্জীবিত করতে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাথমিকভাবে ১৮ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তা দেখিয়েছিল।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় অর্থনীতি পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ। তিনি কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর জোর দেন। বর্তমানে বাংলাদেশের এই অনুপাত মাত্র ৭.৫ শতাংশ, যেখানে নরওয়ে ও সুইডেনে এটি অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।
আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির, বিশ্লেষক অলতাফ পারভেজ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অধ্যাপক আবু আহমেদ, গবেষক খন্দকার সাখাওয়াত আলী, ভুঁইয়া আসাদুজ্জামান এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

