সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে একটি ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস। এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।
এছাড়া টানা বৃষ্টির ফলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরের কিছু কিছু জায়গায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত মানুষদের সাবধানতা অবলম্বন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

