শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আজীবন স্মরণে রাখতে হবে। তাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। তাই যে সরকারই ক্ষমতায় থাকুক, এ সত্য মেনে নিতে হবে।”
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার জুলাই স্মৃতি উদ্যানে সম্ভাব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, জুলাই শহীদদের স্মরণে এই পার্কের নামকরণ করা হয়েছে। এখন এখানেই একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এজন্য একটি প্রস্তাবিত নকশা তৈরি করা হয়েছে। শিগগিরই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত নিয়ে উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে শহীদদের স্মৃতি চিরভাসমান থাকে।
স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে কিছু আপত্তির প্রসঙ্গে আদিলুর রহমান বলেন, “কিছু ভিন্নমত থাকলেও সেগুলো গুরুতর কিছু নয়। ২-৩টি মতের সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরো জানান, প্রথম ধাপে ৮৩৪ জনের বেশি শহীদ পরিবারের মাঝে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা প্রদান করা হয়েছে। কিছু ওয়ারিশ সংক্রান্ত জটিলতা বাদ দিয়ে আহতদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক সম্পর্কিত ব্যতিক্রম ছাড়া বাকি সব কাজ সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

