পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, একাত্তরের গণহত্যা সম্পর্কিত ক্ষমা চাওয়ার বিষয়সহ অমীমাংসিত তিনটি সমস্যার সমাধান দুবারই হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ইসহাক দার।
এক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয় নিয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন- “১৯৭৪ সালে প্রথমবার বিষয়টি সমাধান হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। পরে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে বিষয়টি প্রকাশ্যে সমাধান করেছেন। ফলে বিষয়টি একবার ১৯৭৪ সালে এবং দ্বিতীয়বার ২০০০ সালের শুরুতে সমাধান হয়েছে।”
দুই দিনের সফরে ইসহাক দার শনিবার ঢাকায় পৌঁছান। দুপুর ২টায় পাকিস্তান বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।
ঢাকায় প্রথম দিন ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে রাজনৈতিক বিষয়সহ দুই দেশের সম্পর্ক বৃদ্ধির পথ আলোচনা করা হয়। পাকিস্তান এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
রোববার সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। এরপর বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। এর পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন তৌহিদ হোসেন, পাকিস্তানের নেতৃত্ব দেন ইসহাক দার।
এই বৈঠকের উপস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি কর্মসূচি (প্রোগ্রাম) স্বাক্ষরিত হয়েছে।

