বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার রেং ত্লাং এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে। পরে ঘাঁটিতে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এছাড়া, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

