প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণই তার এ সফরের মূল উদ্দেশ্য। তিনি ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, কানাডায় অবস্থানকালে সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টো ও অটোয়ায় অনুষ্ঠিতব্য ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন। এরপর ব্যক্তিগত কাজে তিনি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যানকুভারে থাকবেন।
বর্তমানে বিশ্বের ১০টি দেশের ১৭টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।

