জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ঝামেলা কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মানুষের সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারানো এনআইডি তুলতে জিডি করার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন। পাশাপাশি এনআইডি সেবা আরও সহজ করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

