চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণে দেরি হলেও আগামী শিক্ষাবর্ষের জানুয়ারি মাসেই বই পাওয়া যাবে। এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত বছর বই ছাপানোর কার্যাদেশ নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারি মাসেই নতুন বই পায়, সেজন্য সেপ্টেম্বরেই কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কার্যাদেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাকিগুলো যাচাই-বাছাই শেষে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহেও বৈঠক হবে।”
অর্থ উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি নতুন বই পৌঁছানো লক্ষ্য। তবে বই ছাপানোর মান, কাগজের গুণগত মান এবং কোনো প্রতিষ্ঠান একাধিক কাজ পাচ্ছে কি না—এসব খতিয়ে দেখতে আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এ জন্য আজকের বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, “অনিয়মের খবর মাঝে মাঝে পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।”
সাংবাদিকরা ২০২৪ সালে বই বিতরণে তিন মাস দেরি হওয়ার প্রসঙ্গ তুলে ধরলে সালেহউদ্দিন আহমেদ জানান, এবার জানুয়ারি মাসেই নতুন বই বিতরণ নিশ্চিত করা হবে। কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়া হবে এবং সিদ্ধান্ত কখন আসবে—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে। যাচাই-বাছাই দুই সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।”

