তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হবেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে নরসিংদীর নতুন ডিসি হিসেবে। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
এ ছাড়া নওগাঁর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। তবে প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও নরসিংদীর বিদায়ী ডিসিদের নতুন দায়িত্বে বদলি বা পদায়ন সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

