দেশের সব ট্রাভেল এজেন্সিকে নতুন নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস জানায়, কোনো যাত্রীর টিকিট বাতিল বা রিফান্ডের আগে অবশ্যই তার স্পষ্ট অনুমতি নিতে হবে।
সম্প্রতি এ নির্দেশনা লিখিতভাবে এজেন্সিগুলোকে জানানো হয়েছে। বিমান জানায়, যাত্রীদের অনুমতি ছাড়াই বা যথাযথভাবে যোগাযোগ না করেই কিছু এজেন্সি রিফান্ড সম্পন্ন করছে। এতে ভ্রমণকারীরা ভোগান্তিতে পড়ছেন এবং এটি যাত্রীসেবা নীতির বিরুদ্ধে যাচ্ছে।
নতুন নির্দেশনায় বলা হয়, প্রতিটি রিফান্ডের আগে যাত্রীর সম্মতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ট্যুর অপারেটর বা অন্য এজেন্টদের সঙ্গেও যথাযথভাবে যোগাযোগ করতে হবে। প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।
বিমান স্পষ্ট করে দিয়েছে, এ নিয়ম ভঙ্গ করলে দায়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট এজেন্সিকেই। সংস্থাটি বলছে, আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখাই এ পদক্ষেপের মূল লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা চেয়েছে বিমান।

