জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের স্বাক্ষর শেষে গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসির দায়িত্বশীল সূত্র।
সূত্র মতে, মাঠ পর্যায়ে যাচাই–বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দল নিবন্ধনের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম গত রোববার শেষ হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য নথি পাঠানো হবে। কমিশন চাইলে প্রস্তাবিত তালিকায় পরিবর্তন আনতে পারবে। চূড়ান্ত অনুমোদনের পরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
একই সূত্র জানায়, নিবন্ধনের জন্য মোট ছয় দলের নাম কমিশনের কাছে তোলা হয়েছে। পাশাপাশি ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে। এর মধ্যে নয়টি দলের মাঠ পর্যায়ে পুনতদন্ত এবং একটি দলের ক্ষেত্রে কমিশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। বাকি ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।
এর আগে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০টি দলের শুনানি নেন। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করেছিল ইসি। মোট ১৪৩টি নতুন দল আবেদন করলেও প্রথম দফায় কেউ শর্ত পূরণ করতে পারেনি। পরে সময় বাড়ানো হলে ৮৪টি দল সাড়া দেয়, তবে এর মধ্যে মাত্র ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত হয় এবং তাদের শুনানি অনুষ্ঠিত হয়।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দলের কেন্দ্রীয় কমিটি, কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হয়। এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা গত নির্বাচনে মোট ভোটের পাঁচ শতাংশ পেলে নিবন্ধনের যোগ্যতা অর্জন করে।
নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ের পর মাঠ তদন্ত সম্পন্ন হয়। এরপর দাবী–আপত্তি নিষ্পত্তি করে ইসি নিবন্ধন সনদ প্রদান করে। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে প্রার্থী দিতে পারে না।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ৫৭-তে। উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক দল নিবন্ধনের এই প্রথা চালু করে নির্বাচন কমিশন।

