দেশের সব থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে। এ উদ্যোগের ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাসহ সারাদেশের থানায় জনসাধারণ ঘরে বসেই জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। এখন থেকে থানায় যাওয়ার প্রয়োজন নেই, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে অনলাইনে জিডি করা যাবে।
গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই জিডি করা সম্ভব হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

