দেশের কোনো অঞ্চলে সারের সংকট নেই এবং সব সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে- এমনটাই নিশ্চিত করে জানায়, কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।” বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
তিনি আরও জানান, সারের নীতিমালা প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি ডিলারশীপ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। গ্যাসের সংকট থাকলেও সারের উৎপাদনে কোনো সমস্যা হবে না। চলতি বছরে সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
কৃষি উপদেষ্টা উল্লেখ করেন, এ বছর আলুর উৎপাদন বেড়েছে, তবে কৃষকরা এখনও প্রকৃত মূল্য পাচ্ছেন না। তিনি আশা প্রকাশ করেন, আলুর দাম কৃষকের স্বার্থে আরও বৃদ্ধি পাবে।
তাছাড়া তিনি জানান, চীনে এবার প্রথমবারের মতো বাংলাদেশের আম রপ্তানি করা হয়েছে। আগামী বছর থেকে কাঠালও রপ্তানির পরিকল্পনা রয়েছে।

