গাজা অভিমুখী জাহাজে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের মাঝসমুদ্রে আটকে রেখেছে এবং তাকে অপহরণ করেছে বলে জানিয়েছেন, দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সাগরে আটকে রাখা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা সেই দেশের বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি।”
শহিদুল আলম যেটি জাহাজে আছেন, সেটি কনশেনস নামের একটি নৌযান। এটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ। জাহাজটি আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মী বহন করছিল এবং ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজায় প্রবেশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

শহিদুল আলম আরো জানান, গতকাল মঙ্গলবার ফেসবুকে তিনি লিখেছিলেন, আজ ভোরে তারা রেড জোন-এ পৌঁছাতে সক্ষম হবেন। রেড জোন বলতে তিনি এমন বিপজ্জনক অঞ্চল বোঝিয়েছেন, যেখানে সম্প্রতি ইসরায়েলি সেনারা সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে দিয়েছিল। এ নৌবহরের নৌযানগুলোও ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল।
উল্লেখ্য, দুই বছর ধরে চলমান যুদ্ধে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। একই সময়ে ফিলিস্তিনি সাংবাদিকদের নিশানা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৭০-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে এখনও ইসরায়েলি কারাগারে বন্দী আছেন।

