সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) গৃহীত সম্মিলিত সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন। ইসরায়েল কর্তৃক তথাকথিত ‘সোমালিল্যান্ড’কে স্বীকৃতি দেওয়া এবং তার ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়।
বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির যেকোনো দৃঢ় অবস্থানের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণ একাত্ম।
তিনি ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরায়েলের পক্ষ থেকে তথাকথিত ‘সোমালিল্যান্ড’কে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ করেন।
তৌহিদ হোসেন আরো বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের বিষয়ে আপসের কোনো সুযোগ নেই। কোনো ধরনের অবৈধ আলোচনা বা চুক্তি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, একতরফা সিদ্ধান্ত বা জবরদস্তির পরিবর্তে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতাবাদকে প্রাধান্য দিতে হবে।
এই বিশেষ অধিবেশনের আগে সকালে অনুষ্ঠিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রস্তুতিমূলক বৈঠকে ওআইসির বহু প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি স্থায়ী সংহতি প্রকাশ করা হয় এবং ওআইসির মূল লক্ষ্য হিসেবে ফিলিস্তিন ইস্যুর গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

