ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশ করেছে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় ৪২-এর অনেক নিচে। এই স্কোরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থান দখল করেছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বেড়েছে। তবে সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের স্কোর বাড়ার কারণ হলো জুলাই মাসের গণ-অভ্যুত্থানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা। কিন্তু মাঠ পর্যায়ে দুর্নীতির অব্যাহত উপস্থিতি, সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা এবং অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা প্রদর্শনে ব্যর্থতার কারণে সার্বিক অবস্থান এক ধাপ নিচে নেমেছে। আমরা একটি বড় সুযোগ হারিয়েছি।”
২০২৫ সালের সিপিআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বচ্ছ দেশ ডেনমার্ক, যার স্কোর ৮৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড (৮৮) এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর (৮৪)। অপরদিকে, সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ সুদান ও সোমালিয়া রয়েছে ৯ স্কোর নিয়ে। ভেনেজুয়েলা ১০ স্কোরে দ্বিতীয় সর্বনিম্নে, আর ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া রয়েছে ১৩ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে।
সিপিআই অনুযায়ী, সূচকের মান ০ থেকে ১০০ পর্যন্ত। শূন্যকে সর্বোচ্চ দুর্নীতির প্রতীক এবং ১০০কে সর্বনিম্ন দুর্নীতির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই সূচক সরকারের স্বচ্ছতা, প্রশাসনিক কার্যকারিতা এবং সমাজে দুর্নীতির ধারণার উপর ভিত্তি করে দেশগুলোর অবস্থান নির্ধারণ করে।

