ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান উপাচার্য পদ থেকে সরে যেতে ইচ্ছা প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, “যে সময়ে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন বিশেষ পরিস্থিতি ও চ্যালেঞ্জ ছিল। অংশীজনদের সহযোগিতায় আমরা তা অতিক্রম করতে পেরেছি। এখন মনে করছি, দায়িত্ব পালনের মূল লক্ষ্য পূর্ণ হওয়ার পর্যায়ে আমরা পৌঁছেছি। সেই কারণেই আমি পদত্যাগ করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি না হওয়ার জন্য একটি মসৃণ ও সুচারু হস্তান্তর প্রয়োজন। যদি সরকার বা সংশ্লিষ্ট অংশীজন মনে করেন, ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে আরও কিছু সময় দায়িত্বে থাকা দরকার, তবে আমি প্রস্তুত আছি।”
ড. নিয়াজ বলেন, “আমি সরে দাঁড়াতে চাই যেন নতুন রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে। প্রয়োজনে আমি যে কোনো সময় সহযোগিতা করতে প্রস্তুত। আমি ডেপুটেশন থেকে অব্যাহতি চাইব এবং আমার মূল দায়িত্ব—উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা—পুনরায় গ্রহণ করব।” উপাচার্য আরও বলেন, “আমার ও আমার টিমের কঠিন পরিশ্রম বহুদিন ধরে চলেছে। এখন কিছু বিশ্রামের প্রয়োজন।”

