ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অজ্ঞান হয়ে পড়ে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পরপরই এই ঘটনা ঘটে। নিহত পোলিং অফিসারের নাম মো. মোজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের দুই নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং কেন্দ্রের বাইরে চলে যান।
এক পর্যায়ে তিনি বাইরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

