মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসার কথা থাকা মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ রবিবার (১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৭টি ছিল আগমনী এবং ৩টি প্রস্থানী। এসব ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের সূচিতে ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে সংশ্লিষ্ট অঞ্চলের আকাশসীমা সীমিত বা বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, অনিশ্চয়তার কারণে অনেক যাত্রী টিকিট থাকা সত্ত্বেও বিমানবন্দর ছেড়ে ফিরে যাচ্ছেন। আবার যেসব ফ্লাইট গভীর রাতে নির্ধারিত, সেসব যাত্রীর বিমানবন্দরে না আসার অনুরোধ জানাচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, যার বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত। বর্তমান সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানার পরামর্শ দিয়েছে।

