রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি একটি পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহতরা হলেন—গ্রামের মৃত মমসের আলীর ছেলে ইসমাইল (৭০) এবং মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বিঘা আয়তনের সরকারি পুকুরটি নিয়ে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও বিএনপি সমর্থক আবু বক্কর সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। আওয়ামী লীগ সরকারের সময় আছমত আলী মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে জাল ফেললে আছমত আলী ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আবু বক্কর সিদ্দিক পক্ষের ইসমাইল ও আব্দুস সালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুজনের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালেও একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

