বৈদেশিক মুদ্রাবাজারে দামের দিকনির্দেশনা দিতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। টানা দুই দিনের নিলাম কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে বাজারে স্পষ্ট বার্তা গেছে—ডলারের দর একটি নির্দিষ্ট সীমায় ধরে রাখতে চায় তারা।
আজ বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে মোট ৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এর আগে বুধবার একই দরে নিলামের মাধ্যমে আরও ৭০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়। ফলে দুই দিনে মোট ১২০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দর ১২২ টাকা ৯০ পয়সা। অন্যদিকে নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়। এতে বোঝা যাচ্ছে, বাজারে ডলারের দাম কিছুটা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক।
এ উদ্যোগের মাধ্যমে বাজারে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার আশপাশে স্থিতিশীল রাখা হতে পারে। এর মাধ্যমে টাকার মান ধরে রাখা এবং ধীরে ধীরে শক্তিশালী করার চেষ্টা চলছে।

