দেশে শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় চিকিৎসাসেবা জোরদারে এগিয়ে এসেছে সিটি ব্যাংক। সরকারি হাসপাতালগুলোতে সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ইউনিটে জীবনরক্ষাকারী বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু নিবিড় পরিচর্যা ইউনিটেও চিকিৎসকদের সহায়তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসাসেবার ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম সহায়তা সংকটাপন্ন শিশুদের দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।
এর আগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ উচ্চ নির্ভরশীল ইউনিট স্থাপনেও সহায়তা দেয় সিটি ব্যাংক। ব্যাংকটির দাবি, এসব উদ্যোগের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টির বেশি বিশেষায়িত ও ক্রিটিক্যাল কেয়ার শয্যার সক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বাস্থ্যসেবা খাত ছাড়াও নারী উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটির কল্যাণে দীর্ঘমেয়াদি সামাজিক কার্যক্রম পরিচালনা করছে তারা। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

