রাজধানীর গুলশান অ্যাভিনিউতে নতুন শাখা চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটির ১১৮তম শাখার কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ আয়ের ও প্রিমিয়াম গ্রাহকদের জন্য আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই নতুন এ শাখা চালু করা হয়েছে। ডিজিটাল সুবিধা ও উন্নত গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে শাখাটির নকশা ও কার্যক্রম সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এ টি এম হায়াতুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ওসমান এরশাদ ফয়েজ বলেন, নতুন এই শাখা ব্যাংকের আধুনিকায়ন ও রূপান্তর যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, মানুষ, প্রযুক্তি ও কার্যপ্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাংকটি ভবিষ্যতমুখী আর্থিক সেবা গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তারা ব্যাংকিং খাতে উদ্ভাবন, আস্থা ও গ্রাহকসেবার উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নতুন শাখা পরিদর্শন ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

