সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানকে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিভিভি কোডসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমে একাধিক ঝুঁকি তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে প্রতারণার আশঙ্কা, অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া। এ ছাড়া এ ধরনের অননুমোদিত কার্যক্রম সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো অবস্থাতেই কার্ডের তথ্য বা এককালীন পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। একই সঙ্গে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই সব ধরনের কার্ড সেবা গ্রহণ করতে হবে। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

