আর্থিক খাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি কিংবা বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
গত বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংকের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রশিক্ষণ, চুক্তিবহির্ভূত সেমিনার কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না।
তবে দেশে আয়োজিত সেমিনার বা আলোচনা সভায় বক্তা কিংবা প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকছে। সরকারি বা বেসরকারি ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে যোগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে আগাম অনুমতি নিতে হবে। একই সঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিদেশ সফর বা প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল। এতে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কাও ছিল।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই বিধিনিষেধ আর্থিক খাতে জবাবদিহিতা বাড়াবে এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর আস্থা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

