ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ব্যাংকের বর্তমান পরিস্থিতি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এই সভায় আলোচনা হয়।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম কামাল উদ্দীন জসিম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠান। আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্যসহ নানা খাতে ব্যাংকটির ভূমিকা জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি বলেন, অতীতে ব্যাংকটি পেশাদারিত্ব ও দক্ষতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে একটি উদাহরণ হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
তিনি আরও বলেন, সঠিক নেতৃত্ব ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের পূর্বের সক্ষমতা পুনরুদ্ধার সম্ভব। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে।
সভায় জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

