মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা ‘এমডিবি ই-লোন’ (MDB e-Loan) চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা Midland Online Mobile App ব্যবহার করে দ্রুত ও ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন।
রাজধানীর গুলশান-২-এ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে চালু হওয়া এ সেবার মাধ্যমে যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সর্বোচ্চ পরিশোধকাল নির্ধারণ করা হয়েছে ১২ মাস।
অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, এমডিবি ই-লোন চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে। তিনি জানান, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর নতুন আর্থিক সেবা চালু করবে মিডল্যান্ড ব্যাংক।
ব্যাংকটির আশা, নিরাপদ, সহজ ও কার্যকর ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করে এমডিবি ই-লোন দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

