একীভূত হওয়া দুর্বল ব্যাংকের মালিকানায় পূর্বের মালিকদের ফিরে আসার সুযোগ রেখে ‘ব্যাংক রেজোলিউশন আইন, ২০২৬’-এ যুক্ত ১৮(ক) ধারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের আগের মালিকরা পুনরায় মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাবেন না।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিভিন্ন অংশীজনের মতামত ও পরামর্শ পর্যালোচনার পর সরকার ১৮(ক) ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দুর্বল ব্যাংকের মালিকানা পুনরুদ্ধারের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

