বাংলাদেশে প্রবাসী আয় প্রবাহে বিদায়ী অর্থবছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক বছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে তিন হাজার ৫৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। এর আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল তিন হাজার ২১ কোটি ৩০ লাখ বা ৩০.২১৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে মাসভিত্তিক হিসাবে জুনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ বা ২.৬৮৬ বিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, আগের বছরের জুন মাসের একই সময়ে প্রবাসী আয় ছিল ২৭০ কোটি ৭০ লাখ বা ২.৭০৭ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের জুনের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে।

